করলা তিক্ত হওয়ায় অনেকের কাছে এটি অপছন্দের সবজি। অথচ পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী।
করলা খেতে পছন্দ করে না অনেকেই । বাজার থেকে কিনে আনেন না। অথচ স্বাস্থ্যের জন্য যে এই সবজিটি বেশ উপকারী, তা প্রায় সবারই জানা। সেদ্ধ হোক, ভাজা হোক- নানা রকম রেসিপি থাকলেও করলার তিক্ত স্বাদ অনেকের মন কাড়তে পারে না। তাই অপ্রিয় সবজির তালিকায় করলার নাম প্রায়ই সবার আগে আসে।
তবে যে করলাকে অনেকেই এড়িয়ে চলেন, সেই করলাই আবার বহু তারকার পছন্দের খাবার। বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং নিজের বাড়ির বাগানেই করলা চাষ করে খেতে ভালোবাসেন বলে জানা যায়। অন্যদিকে, অভিনেত্রী কারিনা কাপুর খান অন্তঃসত্ত্বা থাকাকালীন করলার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেছিলেন। এমনকি সদ্যপ্রয়াত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রও গুড় মাখানো করলা খেতে পছন্দ করতেন বলে শোনা যায়।
স্বাস্থ্যসচেতন মানুষেরা করলার তিক্ত স্বাদ এড়িয়ে যাওয়ার সহজ উপায় খুঁজে নিয়েছেন। করলার সঙ্গে নানা ধরনের সবজি ও ফল মিশিয়ে স্মুদি তৈরি করে খাওয়ার চল বেড়েছে। এতে একদিকে স্বাদ সহনীয় হয়, অন্যদিকে পুষ্টিগুণও বজায় থাকে। প্রিয় তারকাদের খাদ্যাভ্যাস থেকে অনুপ্রেরণা নিয়ে চাইলে আপনিও করলাকে নিয়মিত খাদ্যতালিকায় জায়গা করে দিতে পারেন।
করলার স্বাস্থ্যগুণঃ
পুষ্টিবিদ ও চিকিৎসকেরা প্রায়ই করলার উপকারিতার কথা উল্লেখ করেন। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য করলা অত্যন্ত উপকারী বলে ধরা হয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে করলার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে চিকিৎসকেরা নিয়মিত এটি খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়ে থাকেন।
খাওয়ার পাতে করলা রাখতে ইচ্ছে না হলে বিকল্প পথও রয়েছে। করলা দিয়ে তৈরি স্মুদি বা পানীয় গ্রহণ করা যেতে পারে। আর স্মুদি বানানো ঝামেলা মনে হলে করলার চা হতে পারে সহজ ও কার্যকর সমাধান। তিতা স্বাদ সত্ত্বেও শরীরের জন্য এর উপকারিতা অস্বীকার করার উপায় নেই।
বানিয়ে নিন করলার চাঃ
করলার উপকার পেতে চাইলে করলার চা বানাতে পারেন। একটি করলা ভালোভাবে ধুয়ে গোল গোল করে কেটে নিন। এরপর মাঝারি আঁচে পানিতে ফুটাতে দিন। স্বাদে সামান্য মিষ্টতা আনতে চাইলে অল্প মধু বা গুড় যোগ করা যেতে পারে। প্রায় ১০ মিনিট ফুটে গেলে চুলা বন্ধ করে দিন এবং আরও ৫ মিনিট ঢেকে রাখুন। এরপর ছেঁকে কাপে ঢেলে গরম গরম পান করুন। শীতকালে এই চা শরীর উষ্ণ রাখতেও সাহায্য করে।
করলার চা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক, লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এমনকি দৃষ্টিশক্তি উন্নত করতেও এর ভূমিকা রয়েছে। সবজি হিসেবে করলা খেতে না চাইলে করলার পাতা দিয়েও একইভাবে চা বানাতে পারেন-উপকারিতা মিলবে সমানভাবেই।
-সংগৃহীত ।