24/03/2026

গ্যাস্ট্রিকের যন্ত্রণায় ভুগছেন? সুস্থ্য থাকতে যা যা করবেন!


ভাজাপোড়া খাবার, অনিয়মিত খাদ্যাভ্যাস আর দুশ্চিন্তার কারণে গ্যাস্ট্রিক এখন ঘরে ঘরে পরিচিত সমস্যা। বুক জ্বালাপোড়া করলেই আমরা চট করে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলি। কিন্তু নিয়মিত এভাবে ওষুধ খাওয়া লিভার বা কিডনির জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। অথচ প্রতিদিনের কিছু অভ্যাস বদলে ফেললেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।


কেন হয় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি?

পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে যখন অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ হয়, তখনই অ্যাসিডিটি দেখা দেয়। এর মূল কারণগুলো হলোঃ

🌰 দীর্ঘ সময় খালি পেটে থাকা। 

🌰 অতিরিক্ত চা, কফি, ধূমপান বা মদ্যপান।

🌰 অনিদ্রা ও অতিরিক্ত দুশ্চিন্তা।

🌰 মসলাযুক্ত ও তৈলাক্ত খাবার অতিরিক্ত খাওয়া।


গ্যাস্ট্রিক এড়াতে যা যা করবেন

  1.  খাবারের সময়ঃ কোনো বেলার খাবার বাদ দেবেন না। বিশেষ করে রাতের খাবার ৭টা থেকে ৮টার মধ্যে সেরে ফেলার চেষ্টা করুন।
  2. অল্প অল্প খাওয়াঃ একবারে অতিরিক্ত না খেয়ে অল্প পরিমাণে বারবার খাওয়ার অভ্যাস করুন।
  3. খাওয়ার পর বিশ্রামঃ খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না। কিছুক্ষণ হাঁটাচলা করুন।
  4. বর্জনীয় খাবারঃ অতিরিক্ত রসুন, লবণ, তেল ও মরিচযুক্ত খাবার এড়িয়ে চলুন। সাইট্রাস ফল (টক জাতীয় ফল) অতিরিক্ত খাবেন না।
  5.  নেশা ত্যাগঃ ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন। 


ঘরোয়া সমাধানে ৩টি জাদুকরী খাবারঃ

পুদিনা পাতাঃ  এটি হজম শক্তি বাড়ায় এবং বুক জ্বালাপোড়া কমায়। কিছু পুদিনা পাতা পানিতে ফুটিয়ে সেই পানি ঠাণ্ডা করে পান করলে দ্রুত আরাম পাওয়া যায়।

মৌরিঃ  খাওয়ার পর মৌরি চিবিয়ে খেলে পেট ফাঁপা ও বদহজম রোধ হয়। এ ছাড়া সারারাত মৌরি ভিজিয়ে রাখা পানি সকালে খালি পেটে খেলে শরীর ঠাণ্ডা থাকে।

টকদইঃ  টকদইয়ের ক্যালসিয়াম পাকস্থলীতে অ্যাসিড জমতে বাধা দেয়। এর ল্যাকটিক অ্যাসিড হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। ভালো ফলের জন্য টকদইয়ের সাথে সামান্য গোলমরিচ মিশিয়ে নিতে পারেন।

-সংগৃহীত ।

14/03/2026

ডায়াবেটিসে ক্ষুদ্র রক্তনালির রোগ


ডায়াবেটিস একটি রক্তনালিভিত্তিক রোগ। এতে ধীরে ধীরে শরীরের অতি সূক্ষ্ম রক্তনালিগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে সৃষ্ট মাইক্রোভাসকুলার রোগ দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে জীবনমানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।


কীভাবে এ রোগ হয়ঃ

রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে রক্তনালির ভেতরের আবরণ ক্ষতিগ্রস্ত হয়। মোটা ও শক্ত হয় রক্তনালির দেয়াল। রক্ত চলাচল কমে। অক্সিজেন ও পুষ্টির অভাব দেখা দেয় টিস্যুতে। একে বলে ডায়াবেটিক মাইক্রোঅ্যানজিও, যা ধীরে ধীরে চোখ, কিডনি ও স্নায়ু আক্রান্ত করে।


যেসব উপসর্গ দেখা যায়ঃ

ডায়াবেটিসে চোখের রেটিনার সূক্ষ্ম রক্তনালি ক্ষতিগ্রস্ত হলে শুরুতে দৃষ্টি ঝাপসা হয়ে যায়। আলো দেখলে চোখে ঝিলমিল লাগে। হঠাৎ দৃষ্টিশক্তি কমে যেতে পারে। দেরিতে চিকিৎসা নিলে স্থায়ী অন্ধত্ব হতে পারে। অনেক রোগীর ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ থাকে না। তাই ডায়াবেটিস ধরা পড়ার পর থেকেই বছরে অন্তত একবার চোখের ফান্ডাস পরীক্ষা করা অত্যন্ত জরুরি।

ডায়াবেটিস কিডনির ছাঁকনি ব্যবস্থা ধীরে ধীরে নষ্ট করে। এ ক্ষেত্রে প্রস্রাবে অ্যালবুমিন/প্রোটিন যাওয়া; পা, মুখ বা শরীর ফুলে যাওয়া; প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া ও রক্তচাপ বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়।

ডায়াবেটিসে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে হাত-পায়ে ঝিনঝিন ভাব দেখা যায়। জ্বালাপোড়া বা পুড়ে যাওয়ার মতো অনুভূতি হয়ে থাকে। অবশতা বা অনুভূতি কমে যায়। ব্যথা বেশি হয় রাতের বেলা। অনুভূতি কমে যাওয়ায় পায়ে ক্ষত হলেও রোগী টের পান না। এতে সংক্রমণ, ঘা ও শেষ পর্যায়ে ডায়াবেটিক ফুট ও পা কেটে ফেলার ঝুঁকি বেড়ে যায়।


কারা ঝুঁকিতে, কীভাবে বুঝবেন?

১০ বছরের বেশি সময় ধরে যাঁদের ডায়াবেটিস আছে তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। যাঁদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, উচ্চ রক্তচাপ ও রক্তে উচ্চ মাত্রার চর্বি আছে, ধূমপান করেন, স্থূলতা ও শারীরিক নিষ্ক্রিয়তা এবং নিয়মিত চিকিৎসা ও পরীক্ষা না করা ব্যক্তিদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি হয়।

ডায়াবেটিস থাকলে নিয়মিত একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে জটিলতাগুলো নিরীক্ষণ করতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না, তা বুঝতে রক্তে তিন মাসের গড় শর্করা বা এইচবিএওয়ানসি পরীক্ষা করা হয়। এটি বছরে তিন বা চারবার করতে হবে ও এর লক্ষ্যমাত্রা ৭-এর কম, ক্ষেত্রবিশেষে ৬ দশমিক ৫-এর কম।


প্রতিরোধ ও চিকিৎসার মূলনীতিঃ

মাইক্রোভাসকুলার রোগ প্রতিরোধের প্রধান চাবিকাঠি ভালো শর্করা নিয়ন্ত্রণ। এ ছাড়া রক্তচাপ ১৩০/৮০-এর মধ্যে রাখা, এ ক্ষেত্রে এসিই ইনহিবিটর বা এআরবি গোত্রের ওষুধ কিডনির জন্য উপকারী। চর্বি নিয়ন্ত্রণের জন্য স্ট্যাটিন থেরাপি নেওয়া যেতে পারে। স্বাস্থ্যকর খাদ্য ও নিয়মিত ব্যায়াম করুন। ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। পায়ের নিয়মিত যত্ন ও পরীক্ষা করতে হবে।


ডায়াবেটিস মানেই জটিলতা অনিবার্য নয়। নিয়মিত চিকিৎসা, সচেতনতা ও জীবনযাত্রার পরিবর্তনে এ রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

-সংগৃহীত ।

11/03/2026

হাড়ের জয়েন্টে ব্যথা ? জেনে নিন প্রতিকার


অনেকেই হাড়ের জয়েন্ট বা গাঁটের ব্যথায় ভুগে থাকেন। অনেক সময় আমাদের দৈনন্দিন কিছু ছোট ভুল বা অভ্যাসের কারণেই এই ব্যথা প্রকট আকার ধারণ করে। চলুন, জেনে নিই কোন কাজগুলো আপনার অজান্তেই জয়েন্ট পেইন বাড়িয়ে দিচ্ছে।


একটানা বসে থাকাঃ

আমরা অনেকেই দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করি। এর ফলে জয়েন্টে এক ধরনের তরল বা ফ্লুইড জমে যেতে পারে। এই ফ্লুইড জমে গেলে পেশিতে টান ধরে (মাসল ক্র্যাম্প) এবং জয়েন্ট শক্ত হয়ে ব্যথা শুরু হয়। তাই কাজের ফাঁকে মাঝেমধ্যে উঠে দাঁড়ানো বা হাঁটাচলা করা জরুরি।


ভুল জুতো নির্বাচনঃ

পায়ের ধরণ অনুযায়ী সঠিক জুতো না পরলে গোড়ালি ও কোমরে ব্যথা হতে পারে। খুব বেশি হিল জুতো পরলে যেমন ক্ষতি, তেমনি একদম পাতলা চটি পরলে পা মচকে যাওয়ার ঝুঁকি থাকে। সবচেয়ে ভালো হলো পা ঢাকা আরামদায়ক ফ্ল্যাট জুতো পরা।


ভুল ভঙ্গিতে বসা বা কাজ করাঃ

ঘাড় ঝুঁকিয়ে মোবাইল দেখা, ল্যাপটপে কাজ করা কিংবা ঘাড় উঁচু করে টিভি দেখার কারণে ঘাড় ও কাঁধে প্রচণ্ড ব্যথা হয়। এ ছাড়া খুব উঁচু বালিশে ঘুমানোর অভ্যাসও ঘাড় ও পিঠের ব্যথার অন্যতম কারণ।


শরীরে পানির অভাবঃ

পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে শরীর ডিহাইড্রেটেড বা পানিশূন্য হয়ে পড়ে। এর ফলেও হাড়ের সংযোগস্থলে ব্যথা বাড়তে পারে। তাই প্রতিদিন সঠিক পরিমাণে পানি পান নিশ্চিত করুন।


শরীরচর্চায় অবহেলাঃ

ব্যায়াম করার সময় পেশিতে টান লাগলে অনেকেই তা অবহেলা করেন। এই ছোট ছোট চোট পরবর্তীতে বড় ধরণের জয়েন্ট পেইনের কারণ হয়ে দাঁড়ায়

04/03/2026

রমজানে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা, সমাধান করবেন যেভাবে!!


প্রতি বছর পবিত্র রমজান মাসে স্বাভাবিকভাবেই খাদ্যাভ্যাস ও খাবারের সময়সূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। দীর্ঘ সময় উপবাস থাকার পর ইফতার ও সেহরিতে খাবারের ধরন, পরিমাণ ও সময়ের তারতম্যের কারণে পরিপাকতন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে অনেকেই রোজার শুরু থেকেই গ্যাস, পেটব্যথা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, গলা-বুক জ্বলা ও অ্যাসিডিটির মতো সমস্যায় ভোগেন। তবে সচেতন খাদ্য নির্বাচন ও সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে এসব সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 


রমজানে গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির অন্যতম কারণ হলো সারা দিন খালি পেটে থাকার পর হঠাৎ করে অতিরিক্ত ভারী, তেল-মসলাযুক্ত ও ভাজাপোড়া খাবার গ্রহণ। এতে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ হয় এবং গ্যাস, ঢেকুর ওঠা ও বুক জ্বলার মতো উপসর্গ দেখা দেয়। এ সমস্যা এড়াতে ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া খাবার প্রতিদিন না খেয়ে সপ্তাহে ১–২ দিন সীমিত পরিমাণে রাখা যেতে পারে। একসঙ্গে অতিরিক্ত খাবার না খেয়ে অল্প অল্প করে ভাগ করে খাওয়া উত্তম। একইভাবে একবারে অনেক পানি পান না করে কিছুক্ষণ বিরতি দিয়ে ধীরে ধীরে পানি পান করা উচিত।


ইফতারের জন্য পুষ্টিকর ও সহজপাচ্য মেনু নির্বাচন গুরুত্বপূর্ণ। যেমন—দই-চিড়া, খেজুর, সেদ্ধ ডিম একটি ভারসাম্যপূর্ণ বিকল্প হতে পারে। এছাড়া ওটস ও সবজিসহ সেদ্ধ ডিম, বিভিন্ন প্রকার ফল, মিক্সড ফলের সঙ্গে টক দই এবং খেজুরও ভালো নির্বাচন অথবা ঘরে তৈরি হালিম ও ইফতারের মেনু হিসেবে রাখা যায়। এতে করে পাওয়া যায় ব্যালান্সড নিউট্রিশন। এসব খাবার শরীরে ধীরে শক্তি জোগায়, পরিপাক প্রক্রিয়া সহজ রাখে এবং অতিরিক্ত তেল গ্রহণ কমায়।


সেহরির ক্ষেত্রেও সচেতনতা অত্যন্ত জরুরি। সেহরি খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে গলা জ্বলা ও অ্যাসিডিটির ঝুঁকি বাড়ে। তাই সেহরি সম্পন্ন করে ফজরের নামাজ আদায় করার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি বা হালকা নড়াচড়া করে বসে বিশ্রাম নেওয়া উচিত, এরপর ঘুমালে তা পরিপাকতন্ত্রের জন্য উপকারী হয়।


সেহরিতে এমন খাবার পরিহার করা উচিত নয় যা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে। চর্বিজাতীয় খাবার, অতিরিক্ত তেলে ভাজা পদ, অতিরিক্ত ঝাল, চা ও কফি অ্যাসিডিটির মাত্রা বাড়াতে পারে। পরিবর্তে অল্প পরিমাণে ভাত বা রুটি, শাক-সবজি, ডিম, দুধ, মাছ বা মাংস গ্রহণ করা যেতে পারে, তবে রান্নায় তেল-মসলার ব্যবহার সীমিত রাখতে হবে। পর্যাপ্ত পানি ও তরল জাতীয় খাবার সেহরিতে অন্তর্ভুক্ত করা উচিত, যা ডিহাইড্রেশন প্রতিরোধে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।


যাদের পূর্ব থেকে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করে নিরাপদে রোজা রাখতে পারেন। সঠিক সময় ও সঠিক মাত্রায় ওষুধ সেবন করলে অধিকাংশ ক্ষেত্রেই রোজা পালনে সমস্যা হয় না।


রমজানে খাবারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষম, সহজপাচ্য ও পরিমিত খাদ্য গ্রহণ। অতিরিক্ততা পরিহার, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত জীবনযাপনই পারে রমজানে পরিপাকজনিত সমস্যা থেকে দূরে রাখতে এবং ইবাদতের জন্য শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে।

- সংগৃহীত ।

28/02/2026

ইফতার ও সাহরিতে কোন ধরনের খাবার খাবেন!


এখন পবিত্র রমজান মাস। মুসলমানদের সারা বছর যে খাবারগুলো খাওয়া হয় না বললেই চলে বা কম খাওয়া হয়, এমন সব খাবার রমজান উপলক্ষে প্রতিদিন খাওয়ার প্রচলনটাও কম নয়।


রোজা বা সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি লাভ। তাই রোজা সবার জন্য অবশ্য পালনীয় ইবাদত। রোজা রেখে আমাদের খাবার যদি নিয়ন্ত্রণে থাকে তবে আমরা সুস্থ থাকতে পারব এবং আরও বেশি ইবাদত পালন ও দৈনন্দিন কাজ সুষ্ঠুভাবে করতে পারব। এদিকে মাঘ মাস শেষ হয়ে চলছে ফাল্গুন। আবহাওয়ায় শুরু হয়েছে ঋতু পরিবর্তনের খেলা। দিনে কিছুটা গরম এবং রাতে অনুভূত হচ্ছে ঠান্ডা। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, এ অবস্থায় শরীর কিছুটা পানিশূন্য হয়ে পড়া খুবই স্বাভাবিক। কেমন খাবার হলে রোজা থেকেও সুস্থ ও সতেজ থাকা যায় চলুন জেনে নেওয়া যাক। 


ইফতারঃ

সারা দিন রোজা রাখার ফলে দেহ পানিশূন্যতায় ভোগে। তাই ইফতার হতে হবে হাইড্রেটিং এবং রিফ্রেশিং। এখন বাজারে পাওয়া যাচ্ছে অনেক রকমের ফল। তাই ইফতারে যে কোনো ফ্রেশ ফ্রুট জুস বা কয়েকটি ফলের ফ্রুট ককটেল রাখতে পারেন যা আপনাকে করে তুলবে একদম চাঙা। খুব বেশি ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন, এমন গুরুপাক খাবার গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াও ডায়রিয়া বা অন্যান্য পেটের অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই খেতে পারেন বেকড স্যান্ডউইচ, ওটস অথবা দই-চিঁড়া। তাছাড়া থাকতে পারে অল্প তেলে রান্না করা নুডলস। শুকনো ফল, খেজুর ও বাদাম হতে পারে শক্তির উৎস। ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত অবশ্যই ন্যূনতম আট গ্লাস পানি পান করবেন, তবেই শরীরে পানির কোনো অভাব হবে না। তাই সচেতন হোন।


রাতের খাবারঃ

অনেকেই ইফতারে অতিরিক্ত খেয়ে রাতের খাবারটি বাদ রাখেন, যা মোটেই স্বাস্থ্যসম্মত নয়। রাতে না খেয়ে থাকলে এসিডিটি হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। ফলে রোজা থেকে সারা দিন বুক জ্বালাপোড়া করে। তাই ডিনার একদম বাদ দেবেন না। কম খেতে চাইলে হালকা কিছু খেতে পারেন। যেমন একবাটি সবজির স্যুপ সঙ্গে এক স্লাইস ব্রাউন ব্রেড ও সিদ্ধ ডিম একটা। ভাত খেলে সবজি ও সালাদের আধিক্য রেখে পছন্দসই মাছ খেতে পারেন। 


সাহরিঃ

এটি একটু ব্যতিক্রম সময়ের খাবার। সাধারণত আমরা এ সময় খেয়ে অভ্যস্ত নই। আবার এ সময়ের খাবারের ওপর নির্ভর করে আমাদের সারা দিনের কর্মক্ষমতা। তাই সারা দিন যেন সতেজ থাকা যায় এমন খাবার খেতে হবে সাহরিতে। পানীয় জাতীয় খাবার যেমন ডাল বা স্যুপজাতীয় খাদ্য রাখতে হবে তালিকায়। সহজে পরিপাক হয় এমন খাবার খেতে হবে। অতিরিক্ত মসলাযুক্ত কষানো খাবার থেকে বিরত থাকুন। প্রোটিনের চাহিদা মাংসের পরিবর্তে মাছ বা দুধ দিয়ে পূরণ করুন। সবুজ শাক বা পানি জাতীয় সবজি যেমন- পেঁপে, লাউ, ঢ্যাঁড়শ ইত্যাদি খান। এখানে যেভাবে খাদ্য নির্বাচনের কথা বলা হয়েছে তা সুস্থ মানুষের জন্য প্রযোজ্য। যদি কোনো বিশেষ রোগ থাকে যেমন ডায়াবেটিস বা কিডনি রোগ, তারা ডাক্তার ও পুষ্টিবিদের সঙ্গে কথা বলে খাদ্য নিয়ন্ত্রণ করবেন।

24/02/2026

শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন


ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুঁড়িতে হোটেলে অবস্থানে বাংলাদেশি নাগরিকদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন সেখানকার হোটেল মালিকরা। 

সোমবার গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (জিএসএইচডব্লিউএ) এক বিজ্ঞপ্তিতে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।

আঞ্চলিক উত্তেজনার মাঝে ২০২৪ সালের ৯ ডিসেম্বর বাংলাদেশি পর্যটকদের ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা। পরে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বর মাসে তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়।

বিবৃতিতে বলা হয়েছে, এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে অ্যাসোসিয়েশন প্রাথমিকভাবে বিধিনিষেধ আরোপ করেছিল; যা ভিসা কেন্দ্র বন্ধের পর ২০২৫ সালের ডিসেম্বরে সব ধরনের ভ্রমণকারীর জন্য হোটেলে অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পর্যায়ে পৌঁছায়।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় শিলিগুঁড়ির হোটেলগুলোতে এখন কক্ষ বুকিং করতে পারবেন  বাংলাদেশি পর্যটক ও দর্শনার্থীরা। 

বিবৃতিতে জিএসএইচডব্লিউএ বলেছে, পশ্চিমবঙ্গের শিলিগুঁড়িজুড়ে সদস্যভুক্ত হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের অবস্থান করা সংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ওই দিন তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনের অবসান ঘটে।

বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্য হোটেল মালিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির আয়োজন করে। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য পুনরায় বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং শুরু করার পক্ষে মত দেন।

জিএসএইচডব্লিউএ বিবৃতিতে বলেছে, দুই দেশের সরকার সীমান্ত পারাপারের বিধিনিষেধ শিথিল করায় অ্যাসোসিয়েশন উভয় দেশের সীমান্তসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারে পারস্পরিক সদিচ্ছার বিষয়টি স্বীকার করছে।

অ্যাসোসিয়েশন বাংলাদেশি অতিথিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও জোর দিয়ে বলেছে, ভারতের নিরাপত্তা ও মর্যাদা সবার আগে। ভবিষ্যতে কোনো অসম্মানজনক কিংবা উসকানিমূলক ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে না বলেও সতর্ক করেছে।

বিবৃতিতে বলা হয়, আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করছে যে, দেশই সবার আগে। ভবিষ্যতে আমাদের দেশের প্রতি কোনও অসম্মান বা উসকানিমূলক বক্তব্যের ঘটনা ঘটলে আমরা আবারও কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করব না।

-সংগৃহীত ।

অ্যাসপিরিন নিয়ে যেসব ভুল ধারণায় হতে পারে মারাত্মক ক্ষতি


আমাদের নিকট অ্যাসপিরিন খুবই পরিচিত একটি ওষুধ। মাথাব্যথা বা শরীরব্যথা থেকে শুরু করে স্ট্রোক ও হৃদ্‌রোগীদের কাছে এটি ‘জীবন রক্ষাকারী’ ওষুধ হিসেবে পরিচিত। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়াই যথেচ্ছ অ্যাসপিরিন সেবন আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে। তবে, অ্যাসপিরিন নিয়ে রয়েছে নানা ভুল ধারণা বা মিথ।


ভুল ধারণা ১ ।  বয়স ৪০ হলেই নিয়মিত অ্যাসপিরিন খাওয়া উচিতঃ

আমাদের অনেকের ধারণা, বয়স ৪০ বা ৫০ পার হলেই হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক ঠেকাতে প্রতিদিন স্বল্প মাত্রার অ্যাসপিরিন খাওয়া উচিত। এটি একটি ভুল ধারণা। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যাঁদের আগে কখনো হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়নি, তাঁদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত অ্যাসপিরিন সেবন উপকারের চেয়ে অপকারই বেশি করে। এটি শরীরে, বিশেষ করে পাকস্থলী বা মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি বাড়িয়ে দেয়।


ভুল ধারণা ২ ।  বুকে যেকোনো ব্যথা হলেই অ্যাসপিরিন মহৌষধঃ

এখানে আরেকটি প্রচলিত ধারণা হলো, বুকে সামান্য অস্বস্তি বা ব্যথা হলেই দ্রুত অ্যাসপিরিন খেয়ে নেওয়া ভালো। বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক নয়। গ্যাস্ট্রিকের আলসার বা ফুসফুসের জটিলতায়ও বুকে ব্যথা হতে পারে। এমন অবস্থায় না বুঝে অ্যাসপিরিন খেলে পাকস্থলীতে মারাত্মক রক্তক্ষরণ শুরু হতে পারে।


ভুল ধারণা ৩ ।  শিশুদের জন্য এটি নিরাপদ ব্যথানাশকঃ

আমাদের অনেকেই শিশুদের জ্বর বা ব্যথায় অনেক সময় বড়দের এই ওষুধ ভেঙে খাইয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। এটি অত্যন্ত বিপজ্জনক। ভাইরাসজনিত জ্বরের সময় শিশুদের অ্যাসপিরিন দিলে ‘রেইস সিনড্রোম’ নামের এক বিরল কিন্তু প্রাণঘাতী রোগ হতে পারে, যা শিশুর মস্তিষ্ক ও লিভারের স্থায়ী ক্ষতি করে।


মুল কথা হলঃ  অ্যাসপিরিন মূলত রক্ত পাতলা করে। যাঁদের একবার হার্ট অ্যাটাক হয়েছে, তাঁদের জন্য এটি অপরিহার্য হতে পারে। কিন্তু একজন সুস্থ মানুষের এটি নিয়মিত সেবন করার প্রয়োজন নেই। মনে রাখবেন, ওষুধ যখন জীবন বাঁচায়, ভুল ব্যবহারে তা জীবন কেড়েও নিতে পারে। তাই রক্তচাপ, ডায়াবেটিস বা হার্টের সমস্যার কথা ভেবে নিজে নিজেই অ্যাসপিরিন শুরু করবেন না। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

23/02/2026

জন্ডিস হলে কখন সার্জারি প্রয়োজন?


জন্ডিস একটি সাধারণ পরিচিত রোগ।আমাদের এমন কোন পরিবার নেই যাদের কারো না কারো এই রোগ হয়নি। অধিকাংশ ক্ষেত্রেই এই রোগ আপনা আপনি সেরে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে জন্ডিস ভাল হয়না যথাযথ চিকিৎসা ছাড়া।আজকে কখন এই রোগের জন্য অবশ্যই সার্জনের পরামর্শ নেবেন সেই বিষয়ে আলোকপাত করব।


🔷 জন্ডিস কী?

জন্ডিস (Jaundice) হলো এমন একটি অবস্থা যেখানে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ায় চোখের সাদা অংশ, ত্বক ও প্রস্রাব হলুদ হয়ে যায়। এটি নিজে কোনো রোগ নয়, বরং শরীরের

ভেতরের সমস্যার একটি লক্ষণ।


🔷 জন্ডিসের প্রধান কারণগুলো কী?

জন্ডিস সাধারণত তিন ধরনের কারণে হয়-

১. লিভারের সমস্যা (হেপাটাইটিস, সিরোসিস)

২. রক্তের সমস্যা (হিমোলাইসিস)

৩. পিত্তনালীর সমস্যা (গলস্টোন, টিউমার, পিত্তনালীর সংকোচন)


🔷 জন্ডিস হলেই কি সার্জারি প্রয়োজন?

অধিকাংশ জন্ডিসে সার্জারির প্রয়োজন হয় না। তবে যদি জন্ডিসের কারণ হয় পিত্তনালীর

যান্ত্রিক বাধা (Obstructive jaundice), তখন অনেক ক্ষেত্রে সার্জারি বা এন্ডোস্কোপিক

চিকিৎসা প্রয়োজন হয়।


🔷 কোন ধরনের জন্ডিসে সার্জারি প্রয়োজন হতে পারে?

নিচের অবস্থাগুলোতে সার্জারি বা হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে—

১. পিত্তনালীতে পাথর (CBD stone)

২. গলব্লাডারের পাথর থেকে জন্ডিস

৩. পিত্তনালীর ক্যান্সার

৪. প্যানক্রিয়াসের টিউমার

৫. পিত্তনালীর জন্মগত সংকোচন


🔷 গলস্টোনের কারণে জন্ডিস হলে কী চিকিৎসা লাগে?

১. প্রথমে ঊজঈচ করে পিত্তনালী থেকে পাথর বের করা হয়

২. এরপর উপযুক্ত সময়ে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি (গলব্লাডার অপারেশন) করা হয়


🔷 ক্যান্সারের কারণে জন্ডিস হলে কি অপারেশন সম্ভব?

১. যদি ক্যান্সার প্রাথমিক পর্যায়ে থাকে, তাহলে সার্জারির মাধ্যমে আরোগ্য লাভ সম্ভব

২. দেরিতে ধরা পড়লে প্যালিয়েটিভ সার্জারি বা স্টেন্টিং করে জন্ডিস ও কষ্ট কমানো হয়।


🔷 কোন লক্ষণগুলো দেখলে দ্রুত সার্জনের কাছে যেতে হবে?

১. চোখ ও ত্বক বেশি হলুদ হওয়া

২. প্রস্রাব গাঢ় হলুদ, পায়খানা ফ্যাকাশে

৩. চুলকানি

৪. ওজন কমে যাওয়া

৫. জ্বরসহ জন্ডিস

৬. পেট ফুলে যাওয়া।

মনে রাখবেন প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়লে যেসব ক্ষেত্রে সার্জারি প্রয়োজন অবশ্যই সার্জারি ই আপনাকে রোগ মুক্তি দেবে।কাজেই ভয় নয়,সচেতন হোন।রোগ নিয়ে হেলাফেলা নয়।

-সংগৃহীত ।

22/02/2026

ইফতারের পর ক্লান্তি দূর করার উপায়


রমজানের কয়েক দিন যেতেই সারা দিন ভালো থাকলেও ইফতারের পর শরীর ভীষণ ভারী হয়ে আসে, চোখে ঘুম নামে আর পেটে অস্বস্তি শুরু হয়। অনেকেই একে রোজার ক্লান্তি মনে করেন, কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, এর আসল কারণ আমাদের অন্ত্র বা গাট হেলথের ভারসাম্যহীনতা।


মানুষের পরিপাকতন্ত্রে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া থাকে, যাদের বলা হয় গাট মাইক্রোবায়োটা। এরা শুধু খাবার হজমই করে না, শরীরের ৭০ শতাংশ রোগপ্রতিরোধ ক্ষমতাও নিয়ন্ত্রণ করে।


এই ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলেই পেট ফাঁপা, এসিডিটি বা ক্লান্তির মতো সমস্যা দেখা দেয়।


কেন ইফতারের পর শরীর খারাপ লাগে?

সারা দিন বিরতির পর ইফতারে যখন আমরা একসাথে অনেক ভাজাপোড়া, মিষ্টি বা ভারী খাবার খাই, তখন পাকস্থলী হঠাৎ চাপে পড়ে যায়। দ্রুত খাবার খাওয়ার ফলে অন্ত্রে খাবার স্বাভাবিকভাবে হজম না হয়ে গ্যাস ও প্রদাহ তৈরি করে। ফলে পেট শক্ত হয়ে যায় এবং শরীর নিস্তেজ লাগে।


পেটের উপকারী ব্যাকটেরিয়া কমে গেলে শরীর খাবার থেকে শক্তি সংগ্রহ করতে পারে না। ফলে পেট ভরে খেয়েও আপনি দুর্বল বোধ করেন।


রোজা কি শরীরের ক্ষতি করে?

না, বরং রোজা অন্ত্রের জন্য একটি ক্লিনিং প্রসেস বা পরিষ্কার অভিযান। দীর্ঘ সময় না খেয়ে থাকায় অন্ত্র বাড়তি ব্যাকটেরিয়া ও জমে থাকা খাদ্যকণা সরিয়ে নিজেকে সতেজ করার সুযোগ পায়।


কিন্তু ভুল খাদ্যাভ্যাস এই সুযোগকে নষ্ট করে দেয়। সুস্থ থাকার ৫টি সহজ উপায়ঃ

১। ধীরগতিতে শুরুঃ খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করে কিছুক্ষণ বিরতি দিন। একবারে বেশি খাবেন না।

২। হালকা খাবারঃ শুরুতে স্যুপ বা ফলজাতীয় হালকা খাবার বেছে নিন। ভাজাপোড়া যতটা সম্ভব এড়িয়ে চলুন।

৩। প্রোবায়োটিক যুক্ত করুনঃ দই বা এ জাতীয় খাবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে।

৪। সাহরিতে সচেতনতাঃ সাহরিতে আঁশযুক্ত খাবার (শাকসবজি, লাল চাল) এবং পর্যাপ্ত পানি পান করুন।

৫। মনোযোগ দিয়ে চিবিয়ে খাওয়াঃ খাবার ভালো করে চিবিয়ে খেলে হজমের কষ্ট অর্ধেক কমে যায়।

রমজান শরীরকে নতুন করে গুছিয়ে নেওয়ার একটি সুযোগ। একটু সচেতন হয়ে অন্ত্রের যত্ন নিলে রোজা হবে ক্লান্তির বদলে প্রাণবন্ত ও স্বস্তিদায়ক।

-সংগৃহীত ।

19/02/2026

রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন


দুই একদিন পরই মাহে রমজান। এ সময় মুসলিম ধর্মাবলম্বী ডায়াবেটিস রোগীদের (যারা রোজা রাখেন) ওষুধের মাত্রা ও সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনতে হয়।


* রক্ত পরীক্ষার আদর্শ সময়ঃ

দৈনিক অন্তত ৩ থেকে ৪ বার (উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য আরও বেশি) ব্লাড সুগার পরীক্ষা করা উচিত।

🔷► সেহরির আগে : সেহরি খাওয়ার ঠিক আগে (ওষুধের ডোজ ঠিক করতে)।

🔷► সকালে : সেহরির ২ ঘণ্টা পর।

🔷► দুপুর ও বিকালে : বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে এবং বিকাল ৪টার দিকে (হাইপোগ্লাইসেমিয়া বা সুগার কমে যাওয়ার ঝুঁকি বোঝার জন্য)।

🔷► ইফতারের ঠিক আগে : ইফতারের অল্প সময় আগে।

🔷► ইফতারের পর : ইফতার করার ২ ঘণ্টা পর।

🔷► অসুস্থ বোধ করলে : যে কোনো সময় যদি শরীর খারাপ লাগে, মাথা ঘোরে বা অতিরিক্ত ঘাম হয়।

* কখন রোজা দ্রুত ভেঙে ফেলতে হবেঃ

সুগার পরীক্ষার ফল যদি নিচের মতো হয়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত রোজা ভেঙে ফেলা জরুরি।

🔷► সুগার খুব কমে গেলে : 3.9 mmol/L (70 mg/dL)-এর নিচে হলে।

🔷► সুগার খুব বেড়ে গেলে : 16.6 mmol/L (300 mg/dL)-এর বেশি হলে।

🔷► মারাত্মক অসুস্থতা : প্রচণ্ড পানিশূন্যতা, বমি বা জ্ঞান হারানোর মতো অবস্থা হলে।

* রোজার সময় ওষুধঃ

🔷► একবার গ্রহণের ওষুধ : যদি কোনো ওষুধ দিনে একবার নিতে হয়, তবে সাধারণত তা ইফতারের সময় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

🔷► একাধিকবার গ্রহণের ওষুধ : দিনে দুইবার বা তিনবার গ্রহণের ক্ষেত্রে, ইফতার এবং সেহরির সময়ের মধ্যে মাত্রা ভাগ করে নেওয়া। এক্ষেত্রে সকালের মাত্রা ইফতারে এবং রাতের মাত্রা সেহরিতে নেওয়া হয়, অথবা মাত্রা কমিয়ে দেওয়া হয়।

🔷► মেটফর্মিন (Metformin) : সাধারণত এটি সেহরি ও ইফতারের মধ্যে ভাগ করে নেওয়া যেতে পারে অথবা বেশির ভাগ মাত্রা ইফতারে নেওয়া হয়।

🔷► সালফোনাইলইউরিয়া, ইনসুলিন : এ ওষুধগুলো হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ায়, তাই এগুলোর মাত্রা কমানো বা সময় পরিবর্তন করা অত্যন্ত জরুরি।

🔷► ইনসুলিন ব্যবহারকারীদের ক্ষেত্রে ইফতারের আগে স্বাভাবিক মাত্রা এবং সেহরির আগে কম মাত্রা বা অর্ধেক মাত্রা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

- সংগৃহীত ।

18/02/2026

ইফতারে যা খেলে স্বস্তি পাবেন

রোজার দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে মৌসুমি ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। ভাজাপোড়া জাতীয় জিনিস খেলে শরীরের ক্ষতি হতে পারে। পুষ্টিবিদরা বলেন, মৌসুমি ফল রাখুন প্রথম সারিতে। কারণ মৌসুমি ফল শুধু টাটকাই নয়, এগুলো সহজপাচ্য, পুষ্টিগুণে ভরপুর এবং শরীর দ্রুত গ্রহণ করতে পারে।


ইফতারের টেবিলে এক বাটি মৌসুমি ফল রাখতে পারলেই মিলবে স্বস্তি, পুষ্টি ও সতেজতা—তিনটিই একসঙ্গে।দেশের বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মের আগাম ফল। এ সময়ের সহজলভ্য কিছু ফল ইফতারের জন্য বিশেষভাবে উপযোগী।


তরমুজঃ

প্রায় ৯০ শতাংশ পানি সমৃদ্ধ তরমুজ সারা দিনের পানিশূন্যতা কাটাতে কার্যকর। এতে থাকা লাইকোপিন ও ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ইফতারে ১-২ টুকরো তরমুজ শরীরকে দ্রুত রিহাইড্রেট করে এবং সতেজ অনুভূতি দেয়।


কলাঃ

সহজলভ্য ও শক্তিদায়ক ফল কলা। এতে উচ্চমাত্রার পটাশিয়াম থাকে, যা শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং পেশির দুর্বলতা কমায়। একটি মাঝারি আকারের কলা ইফতারে তাৎক্ষণিক শক্তি জোগায়।


পেঁপেঃ

হজমে সহায়ক এনজাইমসমৃদ্ধ পেঁপে দীর্ঘ সময় না খাওয়ার পর পেটের জন্য আরামদায়ক। এটি হালকা, সহজপাচ্য এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও সহায়ক।


আনারসঃ

ভিটামিন সি ও ব্রোমেলিন এনজাইমে সমৃদ্ধ আনারস হজমে সাহায্য করে। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।


ডাবের পানি ও মাল্টাঃ

ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইটের উৎস, যা শরীরের পানির ঘাটতি পূরণে কার্যকর। মাল্টা বা কমলালেবু ভিটামিন সি সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

-সংগৃহীত ।

17/02/2026

বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল




শুরু হতে যাচ্ছে মুসলিমদের সিয়াম-সাধনার মাস পবিত্র রমজান মাস। বিভিন্ন দেশের রোজা শুরুর সম্ভাব্য দিন-তারিখ প্রকাশিত হয়েছে। সৌদি আরবে রমজান মাস শুরু হতে পারে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) অথবা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। চাঁদ দেখার ওপর বিষয়টি নির্ভর করছে।


সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে আগামী বৃহস্পতিবার  (১৯ ফেব্রুয়ারি) অথবা এর পরের দিন শুক্রবার (২০ ফেব্রুয়ারি)। ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও ভারতে ঐতিহ্যগতভাবে হিলাল বা চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়।


শাবান মাসের ২৯তম রাতে সূর্যাস্তের পর বিভিন্ন কমিটি আকাশ পর্যবেক্ষণ করে। চাঁদ দেখা গেলে পরদিন থেকে রমজান শুরু হয়, না দেখা গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ করা হয়। দুই দেশের বিভিন্ন শহরে আনুষ্ঠানিক ঘোষণার আগে বাস্তব চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হয়। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অমাবস্যা।


তবে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বেশি। সে ক্ষেত্রে প্রথম রোজা ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হতে পারে। তবে কোথাও আগে চাঁদ দেখা গেলে ১৮ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে। আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। একইভাবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শেষ হতে পারে ১৯ অথবা ২০ মার্চ।


ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, রমজানের সূচনা নির্ধারিত হয় হিলাল বা অর্ধচন্দ্র দেখার মাধ্যমে। সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বহু দেশ চাঁদ দেখার প্রত্যক্ষ সাক্ষ্যের ভিত্তিতে মাস শুরুর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, কিছু দেশ জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভর করে চাঁদের অবস্থান নির্ধারণ করে থাকে।


বাংলাদেশে চাঁদ দেখা কমিটি প্রতিবছর চাঁদ দেখার পর আনুষ্ঠানিকভাবে রোজা শুরুর বিষয়ে ঘোষণা দিয়ে থাকে। চাঁদ দেখার ভিত্তিতে তাদের ঘোষণার পর থেকে দেশে রোজা পালন শুরু করেন ধর্মপ্রাণ মুসলিমরা।

-সংগৃহীত ।

10/02/2026

শিশুর জ্বরের সঙ্গে খিঁচুনি হয় কেন


শিশুর জ্বরের সঙ্গে খিঁচুনি হলে সবাই আতঙ্কিত হন। ধারণা করা হয়, নিশ্চয় মস্তিষ্কের কোনো জটিল রোগের লক্ষণ। কিন্তু ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের জ্বরের সঙ্গে খিঁচুনি মস্তিষ্কের কোনো বড় রোগ ছাড়াও হতে পারে, যেটাকে বলা হয় ‘ফেব্রাইল সিজার’। এ ছাড়া আরও অনেক কারণে জ্বরের সঙ্গে খিঁচুনি হতে পারে, যেমন মস্তিষ্কে প্রদাহ বা এনকেফালাইটিস, মস্তিষ্কে যক্ষ্মা ও মস্তিষ্কে পুঁজ বা ব্রেইন অ্যাবসেস। ফেব্রাইল সিজার কম বয়সী শিশুদের হয়ে থাকে। এ ক্ষেত্রে সাধারণ ভাইরাস জ্বরের সঙ্গে রোগীর খিঁচুনি দেখা দেয়। কিছু জেনেটিক কারণ এবং বাচ্চার মস্তিষ্ক পরিণত না হওয়ায় এটি হয়ে থাকে।

ফেব্রাইল সিজার বেশির ভাগ ক্ষেত্রে বড় হলে থাকে না, কিন্তু কিছু ক্ষেত্রে এটি মৃগীরোগে পরিবর্তিত হতে পারে। মস্তিষ্কে প্রদাহ বা এনকেফালাইটিস রোগে জ্বর ও খিঁচুনির সঙ্গে চেতনা হারিয়ে ফেলতে পারে রোগী। যক্ষ্মা অনেক সময় মস্তিষ্ককেও আক্রান্ত করতে পারে। একে ‘সিএনএস টিবি’ বলে। পরিবারের কেউ বা নিকটাত্মীয় কারও এই রোগ থাকলে তাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বাচ্চাদের কানপাকা রোগ থাকলে তা মস্তিষ্কে ছড়িয়ে পড়তে পারে। একে ‘ব্রেইন অ্যাবসেস’ বলে।


পরীক্ষা–নিরীক্ষা ও চিকিৎসাঃ

ফেব্রাইল সিজার রোগীর ইতিহাস শুনেই ডায়াগনোসিস করতে হয়। তেমন পরীক্ষার প্রয়োজন হয় না। কিছু ক্ষেত্রে মস্তিষ্কের ইইজি পরীক্ষা করা যেতে পারে। মস্তিষ্কে প্রদাহ, টিবি বা ব্রেইন অ্যাবসেস রোগ নির্ণয়ে এমআরআই করা হয়।

জ্বরের সঙ্গে খিঁচুনি হলে ভয় পাওয়ার কিছু নেই। রোগীকে বাঁ কাত করে শুইয়ে দেন। বেশির ভাগ ক্ষেত্রে খিঁচুনি নিজে থেকেই থেমে যায়। তাই রোগীকে নিরাপদ রাখাই মূল লক্ষ্য হওয়া উচিত। মুখে চামচ বা অন্য কোনো কিছু দেবেন না। এটা ভেঙে গিয়ে শ্বাসনালিতে চলে যেতে পারে। জ্বর কমানোর জন্য শরীর স্পঞ্জ করা যেতে পারে। জ্বর বেশি হলে প্যারাসিটামল সাপোজিটর মলদ্বারে দিতে পারেন। খিঁচুনি ৫ মিনিটের বেশি স্থায়ী হলে দ্রুত হাসপাতালে নিয়ে যান।


শিশু অতি সক্রিয় বা বেশি চঞ্চল হলে করণীয় কীঃ

ফেব্রাইল সিজারের শিশুকে পরবর্তী সময়ে অল্প জ্বর এলেই (৫-৭) দিনের জন্য প্যারাসিটামল ও ডায়াজিপাম–জাতীয় ওষুধ খাওয়ানো উচিত। জ্বরের সঙ্গে খিঁচুনির কারণ যদি মস্তিষ্কে প্রদাহ, টিবি বা ব্রেইন অ্যাবসেস রোগ হয়ে থাকে, তাহলে দেরি না করে রোগীকে হাসপাতালে ভর্তি করানো ও নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এসব রোগের চিকিৎসায় দীর্ঘদিন হাসপাতালে ভর্তি এবং কিছু ক্ষেত্রে শল্যচিকিৎসারও প্রয়োজন হতে পারে।

-সংগৃহীত ।

08/02/2026

পেঁপের বীজের উপকারীতা


ডায়েটিশিয়ান ও হেলথ কোচ বিধি চাওলার মতে, পেঁপের বীজে রয়েছে প্রচুর ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন। এর পাশাপাশি এতে জিঙ্ক, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজও পাওয়া যায়। শুধু তাই নয়, পলিফেনল ও ফ্ল্যাভোনয়েডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বীজ শরীরকে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।


ওজন কমাতে সহায়কঃ

যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের ডায়েটে পেঁপের বীজ হতে পারে একটি ভাল সংযোজন। এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দেয়। ফলে বারবার কিছু খাওয়ার প্রবণতা কমে এবং ক্যালোরি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। গবেষণায় দেখা গেছে, উচ্চ ফাইবারযুক্ত ডায়েট ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আমাদের অন্ত্রে থাকা কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা, হজম ও হরমোনের ভারসাম্যের সঙ্গে জড়িত। পেঁপের বীজে থাকা ‘কারপেইন’ নামের একটি উপাদান ক্ষতিকর ব্যাকটেরিয়া ও অন্ত্রের কৃমি দূর করতে সাহায্য করে। এর ফলে কোষ্ঠকাঠিন্য, পেট ফোলা ও হজমজনিত সমস্যা কমতে পারে।


কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারীঃ

হৃদযন্ত্রের সুস্থতার জন্য কোলেস্টেরলের ভারসাম্য অত্যন্ত জরুরি। পেঁপের বীজে থাকা ফাইবার খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং ভাল কোলেস্টেরল বজায় রাখতে সহায়তা করে। এতে থাকা ওলেইক অ্যাসিডও হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়।

অনেক মহিলাই ঋতুচক্রের সময় ব্যথার সমস্যায় ভোগেন। পেঁপের বীজে থাকা ক্যারোটেনয়েডস ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। কিছু রিপোর্টে বলা হয়েছে, এটি পিরিয়ড ক্র্যাম্প কমাতেও সহায়ক হতে পারে, যদিও এ বিষয়ে আরও বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন রয়েছে।


ফুড পয়জনিং থেকে সুরক্ষাঃ

পেঁপের বীজে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ই. কোলাইয়ের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। সে কারণেই ফুড পয়জনিং সংক্রান্ত সমস্যায় একে প্রাকৃতিক প্রতিকার হিসাবেও ব্যবহার করা হয়।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় এই বীজ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সমর্থন করে। নিয়মিত কিন্তু পরিমিত মাত্রায় খেলে শরীর ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে।


পেঁপের বীজ খাওয়ার সঠিক উপায়ঃ

পেঁপের বীজ খাওয়ার বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। রোদে শুকিয়ে গুঁড়ো করে স্যালাডের উপর ছড়িয়ে খাওয়া যেতে পারে। দই বা সসের সঙ্গেও মেশানো যায়। কেউ কেউ হালকা ঝাঁঝালো স্বাদের কারণে গোলমরিচের বিকল্প হিসাবেও এটি ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, দিনে এক টেবিলচামচ পর্যন্ত পেঁপের বীজ খাওয়াই যথেষ্ট। অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে, তাই পরিমিতি বজায় রাখা জরুরি।

-সংগৃহীত ।

07/02/2026

বুকে ব্যথা হলে ভুলেও যেসব কাজ করা যাবে না


বুকে ব্যথা শুরু হলেই উদ্বেগ বেড়ে যায় সবার মনে। সেই ভয়ের মুহূর্তে কেউ কেউ আবার এমন কাজ করে বসেন, যা তখন না করলেই ভালো। বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা ভেবে ভুল করেন অনেকে, অনেকে আবার বুকে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ পুরে দেন মুখে, কেউ কেউ আবার ক্ষণিকের ব্যথা ভেবে বাড়িতেই বসে থাকেন। এসব সাধারণ ভুলগুলো কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে যখন তখন।

বুকে ব্যথা শুরু হলে অনেকে কোনোরকম ভাবনাচিন্তা না করেই ইকো করাতে ছোটেন। ইকো বা ইকোকার্ডিয়োগ্রাফি হলো এক বিশেষ প্রকারের আলট্রাসাউন্ড পরীক্ষা, যার মাধ্যমে হৃদ্‌যন্ত্রের গঠনগত সমস্যা ও কার্যকারিতা পর্যবেক্ষণ করা হয়। চিকিৎসকদের মতে, ইকো একান্ত প্রয়োজনীয় পরীক্ষা, কিন্তু ঠিক কী কারণে ইকো করাবেন, তা জানাটাও জরুরি।

ইকো করালে হৃৎপিণ্ডের গঠন, ইজেকশন ফ্র্যাকশন এবং হৃৎপিণ্ড কতটা কার্যকরভাবে শরীরে অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করতে পারছে, সে সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়।

এটি ভাল্‌ভ-সম্পর্কিত সমস্যাগুলোকে শনাক্ত করতেও সাহায্য করে, এ ছাড়া পূর্বে হার্ট অ্যাটাকের কারণে হৃৎপিণ্ডের পেশির কোনো অংশ সঠিকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে কি না, সে বিষয়ও ধারণা পাওয়া যায় ইকোর রিপোর্ট দেখে।

তবে ইকোর রিপোর্ট দেখে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকির বিষয়ে কোনোরকম আঁচ পাওয়া যায় না। হৃৎপিণ্ডের পেশিগুলোর কাজ করার জন্য অক্সিজেনের প্রয়োজন। যখন হৃদ্‌যন্ত্রের পেশিতে অক্সিজেন সরবরাহ কমে যায় এবং একই সঙ্গে চাহিদা বৃদ্ধি পায়, তখন এই ভারসাম্যহীনতা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় কয়েক গুণ।

এই ভারসাম্যহীনতা চোখে পড়ে ইসিজি আর ট্রেডমিল টেস্টের রিপোর্টে। তাই বুকে কোনো রকমের অস্বস্তি হলে যদি হার্টজনিত সমস্যা মনে হয়, তাহলে ইকোর আগে ইসিজি আর ট্রেডমিল টেস্ট করানো বেশি জরুরি।

-সংগৃহীত ।

05/02/2026

যেকারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন


পূর্ণবয়স্ক কোন  ব্যক্তি যদি বলেন, তিনি পাশের দিকে দেখতে পারছেন না, তা হলে বুঝতে হবে, অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে। আর কী দেখে সাবধান হবেন?

আট থেকে যে কোনো বয়সের মানুষের চোখেই থাবা বসাতে পারে গ্লুকোমা। ঠিক সময়ে ধরা না পড়লে এবং চিকিৎসা শুরু না করলে চিরতরে দৃষ্টিশক্তিও কেড়ে নিতে পারে এই রোগ। তাই চিকিৎসকেরা একে ‘সাইলেন্ট থিফ’ বলে থাকেন।

গ্লুকোমা ঠিক কী ও কেন হয়?

চিকিৎসকদের মতে, চোখের মধ্যে যে অংশ দিয়ে তরল চলাচল করে, সেই রাস্তা বন্ধ হয়ে গেলে তা জমে চোখের ওপরে চাপ সৃষ্টি করে। বিশেষ করে অপটিক স্নায়ুতে। সেই চাপ বাড়তে থাকলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি ক্ষীণতর হতে থাকে, পরবর্তী কালে যা অন্ধত্ব ডেকে আনে।

প্রাথমিকভাবে ক্ষতিটা শুরু হয় পরিধির চারপাশ থেকে, তাই গ্লুকোমায় আক্রান্ত রোগীদের ‘সাইড ভিশন’ নষ্ট হতে থাকে।

চোখের ভেতর জল তৈরি হতে থাকে, অথচ বেরোনোর জায়গা পায় না;এর ফলেই তা দুর্বল জায়গাগুলোতে চাপ সৃষ্টি করতে থাকে। কোনো পূর্ণবয়স্ক ব্যক্তি যদি বলেন, তিনি পাশের দিকে দেখতে পারছেন না, তা হলে বুঝতে হবে, ক্ষতি অনেক দূর ছড়িয়ে গেছে।

ডায়াবেটিসে আক্রান্ত হলে গ্লুকোমায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে।

গ্লুকোমার প্রাথমিক লক্ষণ কী কী?

🔷 দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া।

🔷 চোখ থেকে অত্যধিক জল পড়া। চোখ লাল হয়ে যাওয়া।

🔷 আলোর দিকে তাকালে চোখে খুব ব্যথা হওয়া।

🔷 চোখের পাতা এঁটে যাওয়া, চোখ খুলতে না পারা।

🔷 দীর্ঘ দিন কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করলে, চোখে কোনো আঘাত পেয়ে থাকলে বা ডায়াবেটিসে আক্রান্ত হলে গ্লুকোমায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে।

🔷 চোখের চিকিৎসক একবার পাওয়ার সেট করে দেওয়ার পরে সাধারণত আর এক-দেড় বছরের মধ্যে তা বাড়ার সম্ভাবনা থাকে না। যদি মাস কয়েক যাওয়ার পর থেকেই দেখতে অসুবিধে হয়, কিংবা ঘন ঘন পাওয়ার বাড়ে, তা হলে সন্দেহ করতে হবে, তা গ্লুকোমার প্রকোপে হতে পারে। 

চিকিৎসকদের মতে, এই রোগে আক্রান্ত হলে সম্পূর্ণভাবে সারানো সম্ভব নয়। তবে সময় মতো ধরা পড়লে চিকিৎসা করা সবচেয়ে সহজ ও কার্যকর উপায়।

-সংগৃহীত ।

01/02/2026

শিশুদের দাঁত কেন গুরুত্বপূর্ণ

ছবিঃ সংগৃহীত ।

ছয় মাস থেকে তিন বছর বয়সের মধ্য বাচ্চাদের মুখে বিশটি দুধদাঁত ওঠে এবং তা ছয় বছর বয়স থেকে পড়া শুরু করে। যেহেতু এই দাঁতগুলো স্থায়ী না, তাই অনেক বাবা মা মনে করেন বাচ্চার দুধদাঁতের তেমন প্রয়োজনীয়তা নেই। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। একটা শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের সুস্থতার পাশাপাশি দাঁতের সুস্থতা ও অত্যন্ত জরুরি।


শিশুদের দুধদাঁত কেন এত গুরুত্বপূর্ণ, চলুন তার কারণগুলো জেনে নেওয়া যাকঃ

১. শরীরের সুস্থতা এবং পুষ্টি আসে খাবার থেকে। দাঁত ক্ষয় হয়ে যদি ব্যথা সৃষ্টি হয়, বাচ্চা 

ঠিকমতো খেতে চায় না যার ফলে দেখা দেয় পর্যাপ্ত পুষ্টির অভাব ।

২. দাঁতে গর্ত তৈরি হলে চিবাতে অসুবিধা হয়, রুচি নষ্ট হয় এবং খাবার হজমের সমস্যা দেখা দেয়।

৩. দুধদাঁত সঠিক উচ্চারণ ও শব্দ গঠনে সহায়তা করে। তাই মুখে দাঁত অনুপস্থিত থাকলে উচ্চারণে অসুবিধা হয়।

৪. মুখের হাড় বৃদ্ধিতে ও চোয়ালের স্বাভাবিক গঠন ঠিক রাখতে দুধদাঁতের ভূমিকা রয়েছে। নির্দিষ্ট সময়ের পূর্বে দাঁত পড়ে গেলে চোয়ালের সঠিক বৃদ্ধি নাও হতে পারে।

৫. দুধদাঁত, স্থায়ী দাঁতের জন্য জায়গা ধরে রাখে। যদি সময়ের পূর্বেই দুধদাঁত পড়ে যায় বা ফেলে দেয়া হয় তাহলে স্থায়ী দাঁত আঁকাবাঁকা ভাবে ওঠে।

৬. দাঁত মুখের সৌন্দর্য বৃদ্ধি করে এবং শিশুকে আত্মবিশ্বাসী রাখে। দাঁতে কালো দাগ পড়লে বা গর্ত

তৈরি হলে আপনার শিশু হীনমন্যতায় ভোগে।

৭. ঠিকমতো দাঁত পরিচর্যা না করার ফলে তাতে গর্ত হয়ে তীব্র ব্যথা হতে পারে যা শিশুর স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে এবং পড়াশোনায় মনোযোগ নষ্ট করে।

৮. অতিরিক্ত চিনিজাতীয় খাবার খাওয়ার ফলে দাঁতে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় এবং সেই সংক্রমণ শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে নানাবিধ অসুখ সৃষ্টি করতে পারে।


তাই আপনার শিশুর দুধদাঁতের প্রতি এখনই যত্নশীল হোন।

১. প্রথম দাঁত ওঠার পর থেকেই পরিচর্যা শুরু করুন।

২. নিয়মিত দুইবেলা দাঁত ব্রাশ করার অভ্যাস গড়ে তুলুন।

৩. ছোটবেলা থেকেই পুষ্টিকর খাবার দিন।

৪. দাঁতের ছোটোখাটো সমস্যার ব্যাপারেও সজাগ থাকুন এবং দন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন। 

৫. ছয় মাস পর পর দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করুন।

মনে রাখবেন সুস্থ সবল দাঁত আপনার শিশুকে উপহার দিবে প্রাণবন্ত জীবন এবং নিজেকে করে তুলবে আত্মবিশ্বাসী।

-সংগৃহীত ।

31/01/2026

দীর্ঘক্ষণ কিবোর্ডে টাইপ করলে হাতে টান লাগে?


বর্তমান সময়ে প্রায় কেউই হাতে লিখতে স্বচ্ছন্দ বোধ করেন না। বেশির ভাগ মানুষই কাজ সারছেন ল্যাপটপ বা কম্পিউটারে টাইপ করে। মাউসের এক ক্লিকেই যেন দুনিয়া ঘুরে আসা যায়। কিন্তু দিনের শেষে বাড়ি ফিরে অনেকেই টের পান, হাত দুটির ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে।


হাত ব্যথা করে, পেশিতে টান ধরে। আশ্চর্যের বিষয়, পরীক্ষার সময় টানা কয়েক ঘণ্টা খাতা-কলমে লেখার পরও এত অস্বস্তি হতো না। তাহলে টাইপ করা, স্ক্রল করা বা বারবার ক্লিক করাই কি এই সমস্যার মূল কারণ?


চিকিৎসকদের মতে, অনেকে ভেবে থাকেন এ ধরনের ব্যথা কেবল পেশিতে টান লাগার কারণেই হয়ে থাকে। কিন্তু বিষয়টি সবসময় এতটা সরল নয়।


এর পেছনে স্নায়ুরও বড় ভূমিকা থাকতে পারে। হাতের স্নায়ুগুলো সরাসরি মস্তিষ্ক ও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে যুক্ত। দীর্ঘ সময় ধরে হাত দুটি ভুল ভঙ্গিতে ঝুলিয়ে রাখা বা কব্জিতে অতিরিক্ত চাপ পড়লে স্নায়ুর ওপর প্রভাব পড়ে, আর সেখান থেকেই ব্যথা শুরু হতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে ‘ডিস্টোনিয়া’ বলা হয়।


ডিস্টোনিয়া কীঃ

একই ভঙ্গিতে বা একই ধরনের কাজ দীর্ঘক্ষণ করতে থাকলে ধীরে ধীরে হাতের স্নায়ুতে জটিলতা দেখা দিতে পারে। শুধু টাইপ করাই নয়, অতিরিক্ত স্ক্রলিং, ক্লিক করা বা দীর্ঘ সময় লেখালিখির ফলেও এই সমস্যা হতে পারে। এতে হাত শক্ত হয়ে যাওয়া, টান ধরা, মুঠোর জোর কমে যাওয়া, এমন নানা উপসর্গ দেখা দেয়। অনেকেরই বেশিক্ষণ কিছু ধরে রাখতে অসুবিধা হয়।


কিভাবে মুক্তি মিলবেঃ

চিকিৎসকদের মতে, তীব্র ব্যথা হলে শুরুতে ওষুধের সাহায্যেই তা নিয়ন্ত্রণে আনতে হয়। ব্যথা কিছুটা কমলে ফিজিয়োথেরাপি উপকারী হতে পারে। নিয়মিত হালকা ব্যায়ামও হাতের পেশি ও স্নায়ুকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। কিছু ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী বিশেষ ধরনের ইনজেকশন প্রয়োজন হতে পারে। আর সমস্যা যদি অত্যন্ত জটিল পর্যায়ে পৌঁছে যায়, তখন অস্ত্রোপচারই একমাত্র সমাধান হয়ে দাঁড়াতে পারে।


29/01/2026

নাক ডাকার সমস্যা যে ভিটামিনের ঘাটতিতে হয়


অনেকেই ঘুমের মধ্যে জোরে নাক ডাকেন, কিন্তু বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না। সাধারণভাবে ঘুমন্ত অবস্থায় নাক, মুখ, গলা বা শ্বাসনালীর কোনো অংশে বায়ু চলাচলে বাধা তৈরি হলেই এই শব্দ হয়। তবে অনেকেরই জানা নেই, নিয়মিত নাক ডাকার পেছনে ভিটামিন ডি-এর ঘাটতিও একটি কারণ হতে পারে।


বিশেষজ্ঞদের মতে, বর্তমানে প্রচুর মানুষের শরীরেই ভিটামিন ডি-এর মাত্রা স্বাভাবিকের তুলনায় কম। এই ভিটামিন শুধু হাড় মজবুত রাখার কাজই করে না, বরং পেশি, শ্বাসনালি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গেও গভীরভাবে জড়িত।


চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, ভিটামিন ডি শরীরের বিভিন্ন পেশিকে শক্তিশালী রাখতে সাহায্য করে, যার মধ্যে গলা ও শ্বাসনালির পেশিও রয়েছে। যখন শরীরে এই ভিটামিনের ঘাটতি হয়, তখন ওই পেশিগুলো দুর্বল ও ঢিলে হয়ে যেতে পারে। ফলে ঘুমের সময় শ্বাসনালি আংশিকভাবে সংকুচিত হয়ে যায় এবং বাতাস চলাচলের সময় শব্দ তৈরি হয়, যা আমরা নাক ডাকা হিসেবে চিনি।


এর পাশাপাশি, ভিটামিন ডি কম থাকলে শরীরে প্রদাহ বা ভেতরের ফোলাভাব বাড়তে পারে। এই প্রভাব নাক ও গলার ভেতরেও পড়ে, যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয় এবং নাক ডাকার প্রবণতা বেড়ে যায়। শুধু নাক ডাকা নয়, এর সঙ্গে আরো কিছু উপসর্গও দেখা দিতে পারে।


চিকিৎসকদের মতে, ভিটামিন ডি-এর অভাব হলে সারা দিন অকারণ ক্লান্তি লাগা, ঘুম ঠিকমতো না হওয়া, পেশিতে ব্যথা বা দুর্বলতা, বারবার সর্দি-কাশি হওয়া, এমনকি মন খারাপ বা মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।


এই ঘাটতি পূরণ করবেন কিভাবে

বিশেষজ্ঞরা জানান, প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট রোদে থাকা শরীরের জন্য উপকারী। খাদ্যতালিকায় ডিমের কুসুম, সামুদ্রিক মাছ ও মাশরুম রাখলেও উপকার মেলে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্টও নেওয়া যেতে পারে।


যদি নিয়মিত নাক ডাকার সমস্যা থাকে, রাতে বারবার ঘুম ভেঙে যায় বা সকালে উঠে অস্বাভাবিক ক্লান্ত লাগে, তাহলে বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়। এ ক্ষেত্রে ভিটামিন ডি-এর মাত্রা পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ হতে পারে।


নাক ডাকা শুধু বিরক্তিকর অভ্যাস নয়, অনেক সময় এটি শরীরের ভেতরের কোনো পুষ্টির ঘাটতির ইঙ্গিত দেয়। ভিটামিন ডি-এর অভাব তার মধ্যে একটি সম্ভাব্য কারণ। তাই ঘুমের সমস্যা দেখা দিলে শুধু বাহ্যিক কারণ নয়, শরীরের পুষ্টিগত দিকেও নজর দেওয়া প্রয়োজন।

28/01/2026

ঘুম থেকে উঠে পানি পান করলে যা হয়


সকালে ঘুম থেকে উঠার পর শরীরের প্রথম ও জরুরি চাহিদা হলো পানি। সারা রাত ঘুমের সময় শরীর খাবার বা পানীয় গ্রহণ না করলেও শ্বাসপ্রশ্বাস, ঘাম, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বর্জ্য পদার্থ বের হওয়ার মতো প্রক্রিয়া চলতেই থাকে। এর ফলে শরীর ধীরে ধীরে পানিশূন্য হয়ে পড়ে। তাই ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খাওয়ার অভ্যাস শরীরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে সাহায্য করে।


পুষ্টিবিদদের মতে, ৭–৮ ঘণ্টা ঘুমের পর শরীর স্বাভাবিকভাবেই কিছুটা শুষ্ক হয়ে যায়। সকালে উঠেই পর্যাপ্ত পরিমাণে পানি খেলে শরীরের তরলের ভারসাম্য ঠিক হয়। এতে ব্রেন ফগ কমে, ঝিমুনি কাটে এবং মনোযোগ বাড়ে। শিশুদের ক্ষেত্রে স্কুলে যাওয়ার আগে পানি খেলে মনোসংযোগ বাড়ার সম্ভাবনাও থাকে।


ঘুমের সময় শরীরে কোনো খাবার বা পানীয় না ঢুকলেও দেহের ভেতরের কাজ থেমে থাকে না। শ্বাস নেওয়া, রক্তসঞ্চালন, শরীরের তাপ নিয়ন্ত্রণ এবং বিষাক্ত পদার্থ বের করার জন্য শরীর থেকে পানি বেরিয়ে যায়। তাই সকালে পানি না খেলে ক্লান্তি, মাথা ভার লাগা বা অলস ভাব দেখা দিতে পারে।

 

সকালে পানি খাওয়ার যে উপকারিতা রয়েছেঃ

▶▶ রাতে যে পানির ঘাটতি তৈরি হয়, তা পূরণ করে শরীরকে আবার কর্মক্ষম করে তোলে। 

▶▶ পানি খেলে অন্ত্রে স্বাভাবিক নড়াচড়া শুরু হয়, ফলে হজম ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে।

▶▶ অনেক ক্ষেত্রে পরবর্তী এক ঘণ্টার জন্য বিপাকীয় হার প্রায় ২৫–৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। 

▶▶ শরীরের ভেতরে জমে থাকা বর্জ্য পদার্থ সহজে বের হয়ে যায়, কিডনি ও লিভারের ওপর চাপ কমে।


সকালে পানি খেলে মন ও শরীরে যা ঘটেঃ

▶▶ ঝিমুনি কাটে, মাথা হালকা লাগে এবং দিনের শুরুটা অনেক বেশি সক্রিয় হয়। 

▶▶ নিয়মিত এই অভ্যাস অপ্রয়োজনীয় খিদে কমিয়ে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। 

▶▶ সকালের নাশতার আগে পানি খেলে অন্ত্রের ভেতরের আস্তরণ খাবার গ্রহণের জন্য প্রস্তুত হয়, ফলে খাবার থেকে পুষ্টিগুণ শোষণের ক্ষমতাও বাড়ে।


সকালে পানি খেলে মন ও শরীর দুটিই সতেজ হয়। ঝিমুনি কাটে, মাথা হালকা লাগে এবং দিনের শুরুটা অনেক বেশি সক্রিয় হয়। নিয়মিত এই অভ্যাস অপ্রয়োজনীয় খিদে কমিয়ে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। সকালের নাশতার আগে পানি খেলে অন্ত্রের ভেতরের আস্তরণ খাবার গ্রহণের জন্য প্রস্তুত হয়, ফলে খাবার থেকে পুষ্টিগুণ শোষণের ক্ষমতাও বাড়ে।


ঘুম থেকে উঠে ১ থেকে ২ গ্লাস পানি পানই যথেষ্ট। খুব ঠাণ্ডা বা খুব গরম পানি নয়—স্বাভাবিক তাপমাত্রার বা সামান্য উষ্ণ পানি শরীর সবচেয়ে সহজে গ্রহণ করতে পারে। প্রতিদিন এই ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় উপকার এনে দিতে পারে।

-সংগৃহীত ।

সিজার পরবর্তী সময়ে নরমাল ডেলিভারি, কখন সম্ভব?

আমাদের দেশে অনেকেরই ধারণা একবার সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করার দরকার হয়। ইংল্যান্ডের রয়েল কলেজ অব অবস...